-
Facebook
-
Twitter
-
Linkedin
ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত
লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দলের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু নানা ধরনের অব্যবস্থাপনা, শর্তভঙ্গ এবং সাংবাদিক লাঞ্ছনার ঘটনার পর এই ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন আজ এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে বলা হয়েছে, ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল, তবে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড শর্ত লঙ্ঘন করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে ম্যাচ শুরুর আগে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাবসহ ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়া এবং খেলা শেষে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব পালন। তবে এসব শর্ত পালন না করায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এছাড়া সোমবার রাতের এক ঘটনায় জাতীয় স্টেডিয়ামে একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয়। খেলা চলাকালে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালান, যা মন্ত্রণালয় ও অন্যান্য মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ক্রীড়া মন্ত্রণালয় এই হামলাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে জানিয়েছে যে, অতিরিক্ত উচ্ছৃঙ্খল আচরণের কারণে দুইটি সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হন।
এএফবি বক্সিং প্রমোশন টুর্নামেন্টটির আয়োজন করতে গিয়ে বেশ কিছু দায়িত্ব পালন না করায়, মন্ত্রণালয় আগামী ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আয়োজক প্রতিষ্ঠানকে শর্ত লঙ্ঘনের পরিমাণ এবং সংশ্লিষ্ট অর্থ জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।
এদিকে আয়োজকরা দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার কথা ঘোষণা দিলেও, এ পরিস্থিতির কারণে তাঁদের উপস্থিতি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
সময়ের আলো/৯ ডিসেম্বর, ২০২৫