সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 17, 2026 1:26 pm

নতুন স্টাইলে অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার চেনা স্টাইলের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক লুকে হাজির হয়ে আলোচনায় এসেছেন। সাধারণত শাড়ি কিংবা গ্ল্যামারাস গাউনে দেখা গেলেও এবার তাকে দেখা গেছে আধুনিক ও ক্যাজুয়াল পোশাকে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সম্প্রতি একটি ফটোশুটের কিছু ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে তাকে দেখা যায় কালো রঙের টপস এবং উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্টে। আধুনিক ফ্যাশন আর ক্লাসিক স্টাইলের মিশেলে তৈরি এই লুক ভক্তদের দৃষ্টি কাড়ে সহজেই।

ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে ছিল মাটির রঙের দেয়াল, যা পুরো ফটোশুটকে দিয়েছে আলাদা নান্দনিকতা। আত্মবিশ্বাসী ভঙ্গিমা ও স্বাভাবিক অভিব্যক্তিতে অপু বিশ্বাসকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে এই লুক।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করার সময় তিনি ক্যাপশনে লেখেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’ তার এই বার্তা ও নতুন লুক- দুটিই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার ঝড়। অনেকেই মন্তব্য করেন, শাড়ি-গাউনের বাইরে এমন স্টাইলেও অপু বিশ্বাসকে দারুণ মানিয়েছে।

এই লুক নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনাও তৈরি হয়। কেউ কেউ ধারণা করেন এটি তার আসন্ন সিনেমা দুর্বারের কোনও চরিত্রের প্রস্তুতি হতে পারে। তবে জানা গেছে, এটি মূলত একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানের ফটোশুট। সেখানে ফিতা কাটার একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি।

সিনেমা নিয়ে এখনো বড় কোনও অগ্রগতি না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে ও শোরুম ইভেন্টে অপু বিশ্বাসের উপস্থিতি নিয়মিতই আলোচনার জন্ম দিচ্ছে, আর নতুন লুকগুলো বারবারই তাকে সামাজিক মাধ্যমে রাখছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এএডি/
সময়ের আলো ডেস্ক
১৭ মে, ২০২৬

আরও - বিনোদন সংবাদ