সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

July 13, 2026 5:13 pm

চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশুর মৃত্যু

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় খামারিদের আনুমানিক ৩০ কোটি ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মারা যাওয়া প্রাণীদের মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজার ৯৮টি মুরগি এবং ১ হাজার ৫২১টি হাঁস। কেবল গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যুর কারণে আর্থিক লোকসান হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা। বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে গবাদিপশুর খাবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ খাতে মোট ২৫ কোটি ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে।

এতে আরও বলা হয়, বন্যার পানিতে মোট ১৮ হাজার ৪৬৮ টন খড়, ঘাস ও দানাদার খাদ্য নষ্ট হয়েছে। এর মধ্যে ১৭ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ১১ হাজার ৯২০ টন খড়, ৬ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৪৩০ টন কাঁচা ঘাস এবং প্রায় ৭০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১১৮ টন দানাদার খাদ্য ধ্বংস হয়েছে।

এছাড়া বন্যার কারণে বিভাগের ৩৩টি প্রাণিসম্পদ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, ২ হাজার ১২৬ একর চারণভূমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং ৬৫টি খামারের ৮৩০টি পশুপাখি ক্ষতিগ্রস্ত হয়েছে। খামার-সংক্রান্ত এসব ক্ষতিতে লোকসান ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষয়ক্ষতির খতিয়ানটি প্রাথমিক। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এবং মাঠ পর্যায়ে পুনর্বিশ্লেষণ সম্পন্ন হলে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তারা আরও যোগ করেন, ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এবং জরুরি গবাদিপশুর খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আআ
১৩ জুলাই, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ