-
Facebook
-
Twitter
-
Linkedin
ভারতে রেললাইনে বিস্ফোরণ
রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাজস্থানের শ্রী গঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের যোগসূত্রের অভিযোগে পাঞ্জাব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস), শ্রী গঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর ও ২২ বছর বয়সী দবিন্দর সিং।
গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রী গঙ্গানগরের রামসিংপুর এলাকার কাছে রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি রেলওয়ে স্লিপার চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেললাইন এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে ওই রেললাইন দিয়ে অনুপগড়-সুরাটগড় প্যাসেঞ্জার ট্রেন চলাচল করেছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। গ্রেপ্তার হওয়া মহকদীপ কৌর পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ওই দুই ব্যক্তির একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত। তাঁরা প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ওই নারীকে নিজেদের ফাঁদে ফেলেন এবং তাঁকে অর্থ দিতেন।
পুলিশের ভাষ্য, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ ধরনের কৌশল ব্যবহার করে থাকে। এর আগেও একই পদ্ধতিতে শ্রী গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামের এক নারীকে ফাঁদে ফেলার ঘটনা ঘটেছিল।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে পুলিশ জানায়, মহকদীপ তাঁর স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন। তাঁর স্বামী বর্তমানে মাদক চোরাচালানের অভিযোগে কারাগারে রয়েছেন। পুলিশের দাবি, আইএসআইয়ের হ্যান্ডলাররা সাধারণত একা বসবাসকারী বা অসহায় নারীদের লক্ষ্যবস্তু করে। পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থের প্রলোভন দেখিয়ে তাঁদের বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে। রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্যও মহকদীপকে অর্থ দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
অভিযানের সময় মহকদীপের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ ও ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, তাঁরা অভিযুক্তদের আশ্রয় দেওয়া, মোটরসাইকেল সরবরাহ এবং বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করেছিলেন।
রাজস্থানের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) দীনেশ এমএন, শ্রী গঙ্গানগরের সহকারী পুলিশ সুপার (এএসপি) নীতিন চৌধুরী, এটিএসের এএসপি মণীশ শর্মা ও সুরেন্দ্র সিং এবং গুরুদাসপুরের পুলিশ সুপার (এসপি) আদিত্যর সমন্বয়ে যৌথ অভিযানটি পরিচালিত হয়।
১৫ নভেম্বর, ২০২৬