সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:20 pm

ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করা সেই কনস্টেবল কারাগারে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে ডিএমপির কনস্টেবল মো. রুহুল আমিনকে (৪১) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মো. রুহুল আমিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্র্যাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। সে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে। বর্তমানে তিনি বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

মামলার এজাহার ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার দুপুরে বন্দর উপজেলার কলাবাগান পুলিশ বক্সের সামনে কান্না করছিল শিশুটি। ওই সময় পুলিশ বক্সে দায়িত্বরত ছিলেন অভিযুক্ত কনস্টেবল রুহুল আমিন। তিনি শিশুটিকে বন্দরের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাকে নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় শিশুটির কান্নাকাটি দেখে লোকজনের সন্দেহ হয়। এ সময় পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ওসি লিয়াকত আলী বলেন, ধর্ষণের ঘটনাটি বন্দর এলাকার ভাড়া বাড়িতে ঘটেছে। সোমবার সন্ধ্যায় শহরের চাষাড়া থেকে ওই কনস্টেবল আটক হন। তার সঙ্গে শিশুটিও ছিল। পরে রাত একটার দিকে সদর মডেল থানা পুলিশ অভিযুক্তকে বন্দর থানায় হস্তান্তর করেন। ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, শিশুটির বাড়ি মাদারীপুর জেলায়। সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। সকালে তার চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা করেছেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ধর্ষণের মামলায় ওই পুলিশ কনস্টেবলকে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।


সময়ের আলো ডেস্ক/২১ অক্টোবর, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ