সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:40 am

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান এখন দ্বিতীয়। শহরটি নবম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ২০৫০ সালের মধ্যে ঢাকার বিশ্বের বৃহত্তম শহর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাকার্তায় চার কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এদিকে ঢাকায় বসবাস করে তিন কোটি ৬৬ লাখ মানুষ।

বুধবার (২৬ নভেম্বর) জাতিসঙ্ঘের একটি প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

জাকার্তা দ্বিতীয় স্থান থেকে টোকিওকে ফেলে শীর্ষে উঠে এসেছে। ২০০০ সালে প্রকাশিত জাতিসঙ্ঘের মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর ছিল জাপানের রাজধানী টোকিও। টোকিওর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকার কারণে এটি ঢাকার পরে, অর্থাৎ তৃতীয় স্থানে নেমে এসেছে।

জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক-বিষয়ক বিভাগের বিশ্ব নগরায়ন সম্ভাবনা-২০২৫ প্রতিবেদনে আরো দেখা গেছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। যেসব শহরে এক কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয়।

৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় অবস্থিত। এছাড়াও শীর্ষ ১০টি মেগাসিটির মধ্যে নয়টিরই অবস্থান এশিয়াতে। জাকার্তা, ঢাকা ও টোকিও ছাড়াও শীর্ষ ১০-এ থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো ভারতের নয়াদিল্লি (তিন কোটি দুই লাখ বাসিন্দা), চীনের সাংহাই (দুই কোটি ৯৬ লাখ বাসিন্দা), চীনের গুয়াংজু (দুই কোটি ৭৬ লাখ বাসিন্দা), ফিলিপাইনের মানিলা (দুই কোটি ৪৭ লাখ বাসিন্দা), ভারতের কলকাতা (দুই কোটি ২৫ লাখ বাসিন্দা) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (দুই কোটি ২৫ লাখ বাসিন্দা)।

জাতিসঙ্ঘের মতে,মিসরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে বসবাস করেন তিন কোটি ২০ লাখ মানুষ। অন্যদিকে, আমেরিকা অঞ্চলের বৃহত্তম শহর ব্রাজিলের সাও পাওলো। সেখানে এক কোটি ৮৯ লাখ মানুষ বিাস করেন। সাব-সাহারান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস।

জাতিসঙ্ঘ বলছে, ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে রয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের রাজধানীতে চলে আসা। কাজ বা সুযোগের সন্ধানে যাওয়া অথবা বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যার কারণে তারা নিজ শহর ছেড়ে ঢাকায় চলে আসছেন। জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন/২৬ নভেম্বর ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ