সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 19, 2026 1:03 am

বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান ৫ কারণ

বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর ঘটনা বাড়ছে। এসব মৃত্যুর পেছনে বড় ভূমিকা রাখছে বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে রয়েছে হৃদ্‌রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও ক্যান্সার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের অকালমৃত্যু হচ্ছে। সাধারণত বয়স্কদের এসব রোগের ঝুঁকি বেশি বলে মনে করা হলেও তরুণ ও মধ্যবয়সীরাও এখন আক্রান্ত হচ্ছেন।

অসংক্রামক রোগের পেছনে জিনগত, শারীরিক, পরিবেশগত ও জীবনযাপনসংক্রান্ত বিভিন্ন কারণ কাজ করে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, তামাক ব্যবহার, বায়ুদূষণ ও উচ্চ রক্তচাপ এসব রোগের ঝুঁকি বাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বে প্রতিবছর প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ ৭০ বছর বয়স হওয়ার আগেই অসংক্রামক রোগে মারা যান। এসব অকালমৃত্যুর প্রায় ৮২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাক

বাংলাদেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদ্‌রোগ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হৃদ্‌রোগ, বিশেষ করে করোনারি আর্টারি ডিজিজের প্রকোপ বাড়ছে। একই সঙ্গে উচ্চ রক্তচাপ ও হার্ট ফেইলিউরের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে।

হৃদ্‌যন্ত্র সচল রাখতে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে ব্লক তৈরি হলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে, হৃদ্‌পেশিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং হার্ট অ্যাটাক হতে পারে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি শুধু আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয়। আপাতদৃষ্টিতে সুস্থ মানুষেরও এ সমস্যা হতে পারে।

হার্ট অ্যাটাকের লক্ষণ

– বুকের মাঝখানে চাপ বা ব্যথা অনুভব হওয়া।
– ব্যথা বাম হাত, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়া।
– শ্বাসকষ্ট ও অতিরিক্ত ঘাম হওয়া।
– বমি বমি ভাব বা বমি হওয়া।
– পেটে তীব্র ব্যথা অনুভব করা।

এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

স্ট্রোক

হৃদ্‌রোগের পর অকালমৃত্যুর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ স্ট্রোক। হার্ট অ্যাটাক ও স্ট্রোক এক নয়। হার্ট অ্যাটাক হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে হয়, স্ট্রোক আক্রান্ত করে মস্তিষ্ককে।

মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে অথবা রক্তনালি ছিঁড়ে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয়। এতে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। দ্রুত চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু কিংবা স্থায়ী শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। সাধারণত ৬০ বছরের বেশি বয়সীদের স্ট্রোকের ঝুঁকি বেশি। তবে বর্তমানে তরুণ, এমনকি শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে।

স্ট্রোকের লক্ষণ

– হঠাৎ শরীরের এক পাশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া।
– হাত ওপরে তুলতে সমস্যা হওয়া।
– চোখে ঝাপসা দেখা।
– কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হওয়া।
– মুখের এক পাশ বেঁকে যাওয়া।
– শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা।
– হঠাৎ মাথা ঘোরা, বমি বা খিঁচুনি হওয়া।

স্ট্রোকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। দ্রুত চিকিৎসা শুরু করা গেলে মস্তিষ্কের ক্ষতি ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।


ডায়াবেটিস

বাংলাদেশে সব বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখের বেশি। রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে পৌঁছাতে পারে। উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৪৩ শতাংশ মানুষ জানেন না যে তারা এ রোগে ভুগছেন।

স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের ২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রতি ১০০ জন তরুণ-তরুণীর মধ্যে সাতজনের বেশি ডায়াবেটিসে আক্রান্ত। পুরুষদের তুলনায় তরুণীদের মধ্যে এ রোগের হার বেশি পাওয়া গেছে।

অতিরিক্ত ওজন, স্থূলতা ও উচ্চ রক্তচাপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্‌রোগ, কিডনি জটিলতা, স্ট্রোকসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।


দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ

দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগও অকালমৃত্যুর অন্যতম কারণ। এ ধরনের রোগের মধ্যে রয়েছে অ্যাজমা বা হাঁপানি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।

আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যায় আক্রান্ত প্রায় দুই-তৃতীয়াংশ মানুষই জানেন না যে, তারা এ রোগে ভুগছেন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। গোবর, ঘুঁটে, লাকড়ির মতো জ্বালানি থেকে তৈরি ধোঁয়া এবং ধূমপান এ ধরনের রোগের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি বায়ুদূষণও শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের জন্য বড় হুমকি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি।


ক্যান্সার

বাংলাদেশে মৃত্যুর অন্যতম বড় কারণ ক্যান্সার। প্রতিবছর দেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে ১ লাখ ১৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হন ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

সংস্থাটির হিসাবে, দেশে বর্তমানে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ ৪৬ হাজার। ২০১৮ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ১১ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখের ক্যান্সার বেশি দেখা যায়। অন্যদিকে নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের প্রকোপ বেশি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, দেশে ৩৮ ধরনের ক্যান্সার শনাক্ত হয়েছে। এর মধ্যে ফুসফুস, কণ্ঠনালি ও পাকস্থলীর ক্যান্সারে মৃত্যুর হার বেশি। স্তন, ঠোঁট ও মুখগহ্বর, পাকস্থলী, কণ্ঠনালি এবং জরায়ুমুখের ক্যান্সারও উল্লেখযোগ্য।


অকালমৃত্যু ঠেকাতে করণীয় কী?

বিশেষজ্ঞদের মতে, জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তামাক ব্যবহার, শারীরিক পরিশ্রমের অভাব ও বায়ুদূষণ কম বয়সে অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, অকালমৃত্যু প্রতিরোধে ৩টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

তার পরামর্শ অনুযায়ী, অকালমৃত্যুর ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শৈশব থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলতে হবে।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। হাসপাতালে পৌঁছানো এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ সহজলভ্য করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে অল্প বয়সে আকস্মিক ও অকালমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
১৮ নভেম্বর, ২০২৬

আরও - স্বাস্থ্য সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ