-
Facebook
-
Twitter
-
Linkedin
ঈদ সিনেমার হালহকিকত
ঈদ এলেই জমে ওঠে সিনেপাড়া। আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন ছবি। সিনেমা হলে ভিড় জমে দর্শকের। এবারের ঈদুল ফিতরে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে ৬টি নতুন ছবি। সিনেমাগুলো নিয়ে আলোচনা হলেও দর্শকের বেশি আগ্রহ দেখা গেছে মাত্র দুই/তিনটিতে। হাউসফুল, অগ্রিম টিকেট বুকিং, চাহিদার কারণে প্রদর্শনী বাড়ানোর মতো সুখবরের পাশাপাশি পাইরেসির অভিযোগও রয়েছে ঈদের ছবিতে।
এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি ১২০টি হলে আলো ছড়িয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আশানুরূপ সাড়া জাগিয়েছে ‘বরবাদ’। স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় দুদিনের অগ্রিম টিকেটও বিক্রি হয়ে যায়। বাংলা মুভি রিভিউ অনুযায়ী, ঈদের প্রথম দিনে ‘বরবাদ’ আয় করেছে ২৮ লাখ টাকা। দর্শক আগ্রহের কারণে প্রদর্শনী সংখ্যা বাড়িয়েছে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। সিনেমাটির চাহিদায় গাইবান্ধার রোমা প্রেক্ষাগৃহে মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে। সিরাজগঞ্জ শহরে হল না থাকায় মিলনায়তন ভাড়া করে প্রজেক্টরের মাধ্যমে চালানো হচ্ছে ‘বরবাদ’। প্রতিদিন বেলা সাড়ে ৩টা, সাড়ে ৬টা এবং রাত সাড়ে ৯টায় শো চলছে। এমন জমজমাট পরিবেশে পাইরেসির কবলে পড়েছে আলোচিত এই ছবিটি। কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি। এতে আইনি ব্যবস্থা নিয়েছেন ছবিটির পরিচালক-প্রযোজক।
রোমান্টিক, অ্যাকশন ঘরানার ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। একটি আইটেম গানে দেখা দিয়েছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। সাড়া ফেলেছে ঈদের আরেক ছবি ‘দাগি’। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই হাউসফুল যাচ্ছে ছবিটি। দর্শক আগ্রহের কারণে এ ছবিরও প্রদর্শনী সংখ্যা বাড়িয়েছে সিনেপ্লেক্স। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করছেন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় ছোটপর্দার অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। বলা চলে ‘দাগি’ দিয়ে বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে অভিনেতার। নিশোর অভিনয় মন ভরিয়েছে দর্শকের।
১৪ বছর জেল খাটার পর কারাগার থেকে বেরিয়ে আসেন নিশো। দেখেন বদলে গেছে পৃথিবীর অনেক কিছু। সমাজ তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে রাজি নয়। শুরু হয় তার নতুন পরিবেশে টিকে থাকার লড়াই। সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু। পরিচালনার পাশাপাশি ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ করেছেন শিহাব শাহীন।
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও প্রেক্ষাগৃহে ভালো দর্শক টানছে। সামাজিক এ সিনেমাটি পছন্দ করেছেন দর্শক। অনেকের মতে রোমান্টিকতার পাশাপাশি শিশু শ্লীলতাহানির বিষয়টি সিনেমায় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মুক্তির পরদিন সীমান্ত সম্ভার ও যমুনা ব্লকবাস্টারে ছবিটির প্রদর্শনী বেড়েছে বলে জানিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার গল্পে একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি। সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। একটি বিশেষ চরিত্রে আছেন প্রার্থনা ফারদীন দীঘি।
গেল দুই বছর ঈদে মুক্তি পেয়েছিল হরর গল্পের ‘জিন’ সিনেমার দুটি কিস্তি। এবার ঈদে মুক্তি পেয়েছে সিক্যুয়েল ‘জিন থ্রি’। সিঙ্গেল স্ক্রিনে অনীহা থাকায় মাল্টিপ্লেক্সগুলোতে চলছে ছবিটি। ছবিটির প্রথম কিস্তির মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবদুর নূর সজল। তার সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। মুক্তির আগে প্রচারণায় সাড়া ফেললেও সেভাবে দর্শক টানতে পারছে না ছবিটি। তবে আগামী সপ্তাহ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করছেন সিনেমাসংশ্লিষ্টরা।
মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমাটি সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ও লায়নে মুক্তি পেয়েছে। আলোচনায় থাকলেও দর্শক খরায় পড়েছে ছবিটি। তবে সপ্তাহ দুই পর ছবিটি নতুন মোড় নিতে পারে। মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজক-পরিচালকের। শরাফ আহমেদ বলেন, আগে মাল্টিপ্লেক্সগুলোয় দর্শক আমাদের সিনেমা দেখুক। এক-দুই সপ্তাহ পরই সিনেমার হাওয়া কোন দিকে যাচ্ছে, সেটা বোঝা যাবে। এক যুবক হত্যার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ‘চক্কর-৩০২’র গল্প। এতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার।
তিন বছর পর আবারও ঈদে দুই সিনেমা মুক্তি পেয়েছে শাকিব খানের। তবে ‘বরবাদ’ রাজত্ব করলেও আলোচনায় নেই ‘অন্তরাত্মা’। হঠাৎ করে মুক্তির তালিকায় যুক্ত হওয়া এই সিনেমা ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও ৮টি মাল্টিপ্লেক্সে আলো ছড়িয়েছে। তবে ঈদের পরের সপ্তাহে নজর প্রযোজকের। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরী প্রমুখ।
মাসুদুর রহমান
সময়ের আলো ডেস্ক/৩ এপ্রিল, ২০২৫
আরও - বিনোদন সংবাদ
টিএসসিতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
‘সাইয়ারার’ গান টপকে ট্রেন্ডিংয়ের এক নম্বরে বাংলাদেশের ‘ময়না’
বাংলা গানের দুনিয়ায়