সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:40 am

মস্কোর পর এবার স্পেনের চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘মাস্তুল’

৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পেয়েছিল বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। এবার সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেল সিনেমাটি!

১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদরিদ শহরে বসছে এই চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আর সেখানেই ‘সেরা মানবিক চলচ্চিত্র’-এর জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে নূরুজ্জামানের এই সিনেমাটি। ইমাজিনইন্ডিয়ার ওয়েব সাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি।

নুরুজ্জামান বলেন, ‘মস্কোতে ‘মাস্তুল’র প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মাস্তুল। দেশের কেন সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনীত হওয়া বাংলা সিনেমার জন্য সুসংবাদ। আশা করছি, ওই উৎসবে সিনেমাটি দেখে দর্শকের ভালো লাগবে।’

সিনেমাটি দেশে মুক্তির প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত ২৪ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোন বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন। স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।”

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য ‘আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজীদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছে ছিল তাদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করার। ‘মাস্তুল’-এর মাধ্যমে সেই সুযোগ পেয়ে তা আর হাত ছাড়া করিনি।

সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।

সমকাল/৩ মে ২০২৫

আরও - বিনোদন সংবাদ