সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:18 am

অতিরিক্ত মাংস খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে 

বছর ঘুরে এল ঈদুল আজহা। কোরবানির ঈদ মানেই মাংসভোজের উৎসব। তবে অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য হতে পারে বিপজ্জনক। এক নজরে দেখে নিন, মাত্রাতিরিক্ত মাংস খেলে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

কোষ্ঠকাঠিন্য ও ক্যানসারের ঝুঁকি

গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি হজমে সময় নেয়। নিয়মিত ও অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন গরুর মাংস খান, তাদের কোলন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় প্রায় ১২ শতাংশ। এ ছাড়া ফুসফুস, খাদ্যনালী, লিভার, মলাশয় ও অগ্ন্যাশয়ের ক্যানসারের সম্ভাবনাও বাড়ে।

উচ্চ রক্তচাপ ও হৃদরোগ

গরুর মাংসে থাকা অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে তোলে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাল মাংস খাওয়ার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, যেসব মানুষ নিয়মিত গরুর মাংস খান, তাদের মধ্যে ধূমপান ও মদ্যপানের মতো জীবনধারা গড়ে ওঠার প্রবণতাও বেশি।

কিডনি রোগের শঙ্কা

মাংসে উচ্চমাত্রার প্রোটিন কিডনির ওপর বাড়তি চাপ ফেলে। এতে কিডনি রোগের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গেঁটে বাতের মতো রোগও দেখা দিতে পারে।

ডায়াবেটিসের ঝুঁকি

হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ৫০ গ্রাম বা তার বেশি পরিমাণে লাল মাংস খান, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় ১৯ শতাংশ। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ৪২ শতাংশ পর্যন্ত।

ওজন বৃদ্ধি ও হরমোনজনিত সমস্যা

গরু মোটাতাজা করতে ও রোগ প্রতিরোধে নানা ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ ব্যবহার করা হয়। এসব রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে ওজন বৃদ্ধি, ব্রেইনের কার্যক্ষমতা হ্রাস, এমনকি পুরুষের প্রজননক্ষমতাও কমে যেতে পারে।

আরও একটি ভুল অভ্যাস

অনেকে মাংস খাওয়ার পরে হজমে সহায়ক মনে করে কোমল পানীয় পান করেন। এটি আরও বিপজ্জনক হতে পারে। কোমল পানীয়র অতিরিক্ত চিনি ও কার্বনেটেড উপাদান ওজন বাড়িয়ে তোলে এবং হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়।

সময়ের আলো ডেস্ক/৪ জুন, ২০২৫

আরও - স্বাস্থ্য সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ