সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:17 am

অলস বিকেলে খান মুড়ি আর গরুর মাংসের পিয়াঁজু

ঈদের পর থেকেই খাবারের টেবিলে শুধু মাংসের ছড়াছড়ি। ঘরের রাঁধুনিরাও সম্ভবত মাংস ছাড়া রান্নার জন্য আর কিছু খুঁজে পাচ্ছেন না। কিন্তু কাঁহাতক আর মাংস খাওয়া যায়? তবে এই মাংসকেই যদি ভিন্নভাবে আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে সম্ভবত আপনি ওই মাংসটাকেই বেছে নিবেন!

অলস বিকেলে গরম চা-এর সাথে যদি মুড়ি আর গরুর মাংসের পেঁয়াজু সামনে পাওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে চলুন, মাংসের তরকারির একঘেয়েমি থেকে মুক্তি পেতে আজ দেখে নিই গরুর মাংসের পেঁয়াজুর রেসিপি।

মাংসের পেঁয়াজু বানাতে ঘরে থাকা রান্না করা মাংস হলেই চলবে। মাংস প্রথমে হাতে ঝুরা ঝুরা করে নিন। এক্ষেত্রে প্রয়োজন মনে হলে ছেঁচেও নিতে পারেন।

এবার ঝুরা মাংসের সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে মিশিয়ে নিন। হালকা হলুদও দিতে পারেন। সাথে যেহেতু বেসন বা চালের গুঁড়ো মেশানো হবে সেজন্য একটু লবণও দিতে হতে পারে। রান্না করা মাংসতে যেহেতু আগে থেকেই লবণ দেয়া থাকবে সেহেতু অল্প একটু মাংস মুখে দিয়ে লবণের প্রয়োজনীয়তা বুঝে নিতে হবে।

ঝুরা মাংস দিয়ে পেঁয়াজুর মতো বানাতে মাংসের সাথে বেসন মেশান। বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। চাইলে এক চিমটি ভাজা জিরার গুঁড়ো বা সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েও স্বাদে ভিন্নতা আনা যায়। এসব উপকরণ একসঙ্গে মেখে নিন। মিশ্রণ যেন খুব বেশি শুকনো বা খুব বেশি নরম না হয়, মাঝারি ধরনের হলে পেঁয়াজুর আকার ঠিকঠাক হবে।

এবার হাত দিয়ে পেঁয়াজুর সাইজে বড়ার মতো বানিয়ে বানিয়ে চুলায় গরম তেলের কড়াইয়ে ছাড়ুন। দুই পিঠ ভালো মতো ভাঁজা হলে তেল থেকে উঠিয়ে নিন।

ব্যস, হয়ে গেলো গরুর মাংসের পেঁয়াজু। এবার এক বোল মুড়ি আর গরম গরম পেঁয়াজু নিয়ে বসে যান টিভির সামনে। চাইলে সাথে একটু টক দই বা ধনেপাতার চাটনি রাখলেও মন্দ হয় না। দেখুন তো, মাংস খেতে বিরক্তিকর লাগে কি না? বরং এই নতুন রূপে মাংসই হয়ে উঠবে বিকেলের প্রিয় সঙ্গী।

সময়ের আলো/এমএইচ
৮ জুন, ২০২৫

আরও - লাইফ স্টাইল সংবাদ

আরও - স্বাস্থ্য সংবাদ