সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 19, 2026 12:45 am

মুখোমুখি বসছেন শি, ট্রাম্প ও পুতিন

চলতি সপ্তাহে চীনের শেনজেনে প্রথমবারের মতো এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারের এই ঐতিহাসিক ও নজিরবিহীন বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে কিছুটা আভাস পাওয়া গেছে। বেইজিংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানরা মূলত ‘বৈশ্বিক শান্তি’ নিয়ে আলোচনা করবেন। এই প্রথমবারের মতো একসঙ্গে মুখোমুখি বসতে যাচ্ছেন বিশ্বের পরাশক্তিধর তিন দেশের নেতা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সম্প্রতি চীন তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার খুব দ্রুত সম্প্রসারণ করছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র অসন্তোষ প্রকাশ করে বলেছে, চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অংশ হতে হবে। তবে বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল অস্ত্রভান্ডার কমাতে হবে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে ‘আরও ভালো একটি চুক্তি’ করার আহ্বান জানান। সে সময় নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় বেইজিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন নেতা ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা করতে পারেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ অনেক কিছু নিয়ে কথা বলব। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার চেষ্টা করছি আমরা।’ ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন ওই সংঘাত নিরসনে দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে। মাসের পর মাস ধরে চলা এই সংকট কয়েক দফায় প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে নৌপণ্য পরিবহন ব্যাহত হয়েছে এবং তেলের দাম বেড়েছে।

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে আগ্রহী নন। বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধের মাধ্যমে ইরানকে শায়েস্তা করতে বেশি আগ্রহী। অন্যদিকে চীন বলেছে, আবারও সংঘাত শুরু হওয়া ঠেকানো তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। এ লক্ষ্যে গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকদের আতিথ্য দিয়েছে দেশটি, যাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার বলেছেন, সম্প্রতি এক বৈঠকে তিন নেতার আলোচনায় ইউক্রেনের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ উঠলে শি জিনপিং ‘বিরক্তি’ প্রকাশ করেন। দেশটির সরকারি টেলিভিশন এআরডিকে তিনি বলেন, শি স্পষ্টভাবে বলেছেন, এটি ইউরোপের সংঘাত। তাই এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও থাকতে হবে।

আজ বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে পুতিনকে বহনকারী উড়োজাহাজটি শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শেনজেন বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির পঞ্চম সর্বোচ্চ পদধারী সদস্য সাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় মার্চপাস্টে অংশ নেওয়া চীনা সেনাসদস্যরা তাকে অভিবাদন জানান।

১৮ নভেম্বর, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ