সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

April 16, 2026 5:19 am

ওটিটিতে একই দিনে আসছে ‘উৎসব’-‘তান্ডব’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ ৭ সপ্তাহ ধরে চলছে দেশের মালটিপ্লেক্সগুলোতে। দর্শকদের কাছে এখন পরিচিত নাম ‘উৎসব’। তানিম নূর পরিচালিত সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে। সেই অপেক্ষার অবসান হচ্ছে। দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘উৎসব’। একই দিনে এই প্ল্যাটফর্মে আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’।

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা। এখানেই শেষ নয়, আছে আরও চমক। ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) চরকিতে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’।

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ স্লোগানের ‘উৎসব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শকদের।

উৎসব সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, “পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোট বেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।”

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

অন্যদিকে, ২৭ জুলাই চরকিতে মুক্তির ঘোষণা আসে ‘তান্ডব’ সিনেমার। ঘোষণার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছেন সিনেমাটি দেখার। মন্তব্যের ঘরে দর্শকরা জানিয়েছেন তাদের উন্মাদনার কথা। অনেকে জানিয়েছেন, তারা সিনেমাটি এখনও দেখেননি, অপেক্ষায় আছেন। অনেকে আবার বলছেন, প্রেক্ষাগৃহে দেখেছেন কিন্তু সিনেমাটি চরকিতে আবার দেখবেন। সবাই শাকিব খান এবং ’তান্ডব’ সিনেমার প্রশংসা করেছেন।

রায়হান রাফী পরিচালিত ‘তান্ডব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।

সমকাল/২৯ জুলাই ২০২৫

আরও - বিনোদন সংবাদ