সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 1, 2026 12:31 am

ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতির ‘আবর্ত’

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলী ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্যা সার্কেল’। মাহামুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি।

জানা গেছে, ডালাসে উৎসবে ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হয়েছে, তার মধ্যে ‘আবর্ত’ একটি। ‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার এন্ড ক্যাফেতে।

‘আবর্ত’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলাস স্কট।

‘আবর্ত’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি বাংলাদেশের বাস্তবতা থেকে উঠে আসা এক নারীর সংগ্রামের প্রতিচ্ছবি বলে জানান অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের এক নারীর নীরব সংগ্রাম, সামাজিক ও পারিবারিক চাপের বিরুদ্ধে টিকে থাকার চেষ্টা এবং জীবন নামক এক চক্র ভেঙে সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত।’

একই সেশনে প্রদর্শিত হবে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জি পরিচালিত জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’।

সমকাল/০৪ আগস্ট ২০২৫

আরও - বিনোদন সংবাদ