-
Facebook
-
Twitter
-
Linkedin
ইমামকে সেজদারত অবস্থায় পেলে করণীয়
জামাতে নামাজ আদায় করতে গিয়ে ইমামকে সেজদায় পেলে করণীয় কী? তাকবিরে তাহরিমা বলে তখনই ইমামের সঙ্গে সেজদায় শরিক হওয়া, নাকি ইমামের দাঁড়ানোর অপেক্ষা করা, এরপর নামাজে শরিক হওয়া?
শাকের নোয়াখালী
উত্তর : ইমামকে সেজদায় পেলে তখনই ইমামের সঙ্গে সেজদায় শরিক হয়ে যাওয়াই নিয়ম। ইমামের সেজদা থেকে উঠার অপেক্ষা করা ঠিক নয়। হাদিস শরিফে এসেছে, নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে, অর্থাৎ যে অবস্থায় ইমামকে পাবে জামাতে শরিক হয়ে যাবে (তিরমিজি : ৫৯১)। অপর একটি হাদিসে এসেছে, নবীজি (সা.) বলেছেন, ‘যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরিক হয়ে যাবে। বসা অবস্থায় পেলে বসাতে শরিক হয়ে যাবে। রুকুতে পেলে রুকুতে শরিক হয়ে যাবে। আর সেজদায় পেলে সেজদায় শরিক হয়ে যাবে (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৩৩৭৩)। তবে সেজদা পাওয়ার দ্বারা ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না, বরং রাকাত পাওয়ার জন্য ইমামের সঙ্গে রুকু পাওয়া শর্ত। আর কেউ যদি ইমামের সেজদা থেকে দাঁড়ানোর অপেক্ষা করে তবুও নামাজ হয়ে যাবে। (আলমাবসুত, সারাখসি : ১/৩৫; ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/৯১; ফাতহুল বারি : ২/১৪০)
সময়ের আলো/৬ ফেব্রুয়ারি, ২০২৫