সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:08 am

এবার হজের খুতবা দেবেন যিনি

চলতি বছর পবিত্র হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সম্মতিতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স এ ঘোষণা দেয়।

সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক বিভাগ রোববার (২৫ মে) এক এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে।

শায়খ সালেহ বিন হুমাইদ ১৩৬৯ হিজরিতে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহে জন্মগ্রহণ করেন।

তিনি মক্কায় শরিয়া ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ১৩৯২ হিজরিতে স্নাতক এবং ১৩৯৬ হিজরিতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৪০২ হিজরিতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র আরাফা দিবস আগামী ৫ জুন মোতাবেক ৯ জিলহজ হতে পারে। দিনটি ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি। আরাফার এ দিনে মক্কার অদূরে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিমের জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

প্রতিবছরের মতো এবারও হজের খুতবা বাংলাসহ প্রায় ২০টি বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। হজের আধ্যাত্মিক শিক্ষা বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।

সময়ের আলো/২৬ মে, ২০২৫

আরও - ইসলাম সংবাদ