-
Facebook
-
Twitter
-
Linkedin
যশোরে প্রায় ১৭শ’ মুসল্লি একসঙ্গে ইতেকাফে
মহান আল্লাহ্র সন্তুষ্টিলাভের আশায় যশোর সদর উপজেলার সতীঘাটা ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ প্রায় ১৭শ’ মুসল্লি একসঙ্গে বসেছেন ইতেকাফে। মসজিদ জুড়ে যেন নেমে এসেছে এক আধ্যাত্মিক আবহ। বিশালসংখ্যক ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় সতীঘাটা এলাকাতেও এখন এক অনন্য পরিবেশ বিরাজ করছে।
বিদেশি মেহমানসহ ইতেকাফে বসা মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদ্রাসাটির শিক্ষক মাওলানা হাসান ইমাম জানান, এ বছর ২০ রোজার রাত থেকে ১ হাজার ৬৪৪ জন মুসল্লি ইতেকাফে অংশ নিয়েছেন। যার মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, লন্ডন ও সিঙ্গাপুরের মেহমান ৮০ জন। যারা রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন।
মাদ্রাসাটির মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ জানান, যশোরের বিত্তবানদের সহযোগিতায় এ মাদ্রাসাটি পরিচালিত হয়। তাদের ও ইতেকাফে বসা মুসল্লিদের অর্থায়নেই ইতেকাফকারীদের সেহেরি ও ইফতারসহ খাবারের যাবতীয় আয়োজন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
ঐতিহ্য অনুযায়ী, ইতেকাফকারী ও মাদ্রাসা সংশ্লিষ্ট সকলে স্থানীয় সতীঘাটা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। প্রসঙ্গত, এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ২ হাজার ছাত্র দীনি শিক্ষাগ্রহণ করছে। যার মধ্যে ৫০ জন এতিম শিশু রয়েছে।
১৫ মার্চ ২০২৬