সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2026 4:21 pm

সংসারে খরচ করলে সদকার সওয়াব মেলে

পরিবারের জন্য অর্থ খরচ করা সওয়াবের কাজ। স্ত্রী-পরিবারের জন্য মানুষ যা খরচ করে তা সদকা হিসেবে পরিগণিত হয় বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। হজরত মিকদাদ ইবনে মাদি কারাব (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেছেন, ‘তুমি নিজে যা খাবে তা তোমার জন্য সদকা। তুমি তোমার সন্তানকে যা খাওয়াবে তা তোমার জন্য সদকা। তুমি তোমার স্ত্রীকে যা খাওয়াবে তা তোমার জন্য সদকা। তুমি তোমার চাকরকে যা খাওয়াবে তা তোমার জন্য সদকা’ (মুসনাদে আহমাদ : ১৭২১৮)।

তবে এটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য। যখন কোনো মুমিন তার স্ত্রী-পরিবারকে আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার করাবে তখনই প্রতিটি খরচের বিনিময়ে সদকার সওয়াব লাভ হবে। এ প্রসঙ্গে হজরত আবু মাসউদ আল বদরি (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যখন কোনো মুসলমান তার পরিবারের জন্য কিছু খরচ করে, তখন তা তার জন্য সদকায় পরিণত হয়।’ (মুসলিম : ২৩৬৯)
অন্য হাদিসে এসেছে, হজরত ওমর (রা.) একবার হজরত আমর ইবনে উমাইয়া (রা.)-এর কাছে এলেন। তখন তিনি বাজারে একটি রেশমি চাদর কেনার জন্য দরদাম করছিলেন। ওমর (রা.) বললেন, হে আমর! এই রেশমি চাদর কী করা হবে? তিনি বললেন, আমি এটি ক্রয় করব, অতঃপর তা সদকা করব। ওমর (রা.) বললেন, কাকে সদকা করবেন? তিনি বললেন, আমার সঙ্গিনীকে। ওমর (রা.) বললেন, আপনার সঙ্গিনী কে?

তিনি বললেন, আমার স্ত্রী। ওমর (রা.) বললেন, আপনি আপনার স্ত্রীকে সদকা করবেন? তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি— তোমরা তোমাদের স্ত্রীদের যা দেবে তাই তোমাদের জন্য সদকা হিসেবে পরিগণিত হবে। হজরত ওমর (রা.) বলেন, হে আমর! আপনি রাসুলুল্লাহ (সা.)-এর ওপর মিথ্যা আরোপ করবেন না। অতঃপর আমর (রা.) বললেন, আল্লাহর কসম! আপনি আয়েশা (রা.)-এর কাছে এসে জিগ্যেস না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। তারা উভয়েই হজরত আয়েশা (রা.)-এর কাছে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর তাঁকে আমর (রা.) বললেন, হে আম্মাজান! ইনি ওমর। তিনি আমাকে বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর ওপর মিথ্যা আরোপ করবেন না। আপনাকে আল্লাহর কসম দিয়ে বলি, আপনি কি রাসুল (সা.)-কে এ কথা বলতে শুনেছেন যে তোমরা যা তাদের (স্ত্রীদের) দেবে তাই তোমাদের জন্য সদকা হিসেবে পরিগণিত হবে? তিনি বললেন, জি, অবশ্যই! জি, অবশ্যই! (মারিফাতুস সুনান ওয়াল আসার : ২৫৫৮)

সাহাবিগণ নবীজি (সা.)-এর কাছ থেকে এসব শুনে ঘরে গিয়ে স্ত্রীর সঙ্গে এসবের বাস্তবায়নও করতেন। হজরত ইরবাদ ইবনে সারিয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি (সা.)-কে বলতে শুনেছি, একজন ব্যক্তি তার স্ত্রীকে পানি পান করালে সওয়াব লাভ করবে; নবীজি (সা.)-এর মুখে এ কথা শুনে আমি আমার স্ত্রীর কাছে গেলাম, অতঃপর তাকে পানি পান করালাম এবং আমি যা নবীজি (সা.)-এর কাছে শুনেছি তা বর্ণনা করলাম। (মুসনাদে আহমাদ : ১৭১৯৫)

সন্তান-সন্ততির প্রতি অনুগ্রহ করলে জান্নাত লাভ হয় এবং জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হজরত আয়েশা (রা.) বলেন, আমার কাছে দুটি কন্যা সন্তানসহ এক মিসকিন এলো। আমি তাকে তিনটি খেজুর দিলাম। সে প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং সে নিজে খাওয়ার জন্য একটি খেজুর মুখের দিকে ওঠাল। কিন্তু তার কন্যা দুজন খেজুরটি খাওয়ার জন্য তার কাছে চাইল। ফলে সে যে খেজুরটি খেতে চেয়েছিল তা দুই ভাগে ভাগ করে দুজনকে দিয়ে দিল। তার বিষয়টি আমাকে বিস্মিত করল। সে যা করল আমি তা রাসুল (সা.)-এর কাছে বললাম। অতঃপর নবী (সা.) বললেন, নিশ্চয় আল্লাহ তায়ালা এর বিনিময়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। (মুসলিম : ৬৮৬৩)

পরিবারের ভরণপোষণের জন্য চিন্তা করাও নবীজি (সা.)-এর নির্দেশনা। হজরত সাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ হলে নবীজি (সা.) শুশ্রƒষার জন্য এলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আমার সব সম্পত্তি অসিয়ত করতে চাই। নবীজি (সা.) বললেন, ‘না। আমি বললাম, তবে অর্ধেক অসিয়ত করি। রাসুল (সা.) বললেন, না। আমি বললাম, তবে এক-তৃতীয়াংশ অসিয়ত করি? নবীজি (সা.) বললেন, এক-তৃতীয়াংশ করতে পারো, এক-তৃতীয়াংশই অনেক। তুমি তোমার সন্তান-সন্ততিকে মুখাপেক্ষী করে রেখে যাবে, আর তারা মানুষের দ্বারে দ্বারে চেয়ে বেড়াবে এর চেয়ে তাদের তুমি অমুখাপেক্ষী করে রেখে যাবে, এটিই উত্তম। তুমি পরিবারের জন্য যা খরচ করবে তাই সদকা। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দেবে তাও সদকা।’ (বুখারি : ২৫৯১)

সন্তান-সন্ততির জন্য যা খরচ করা হয় তাই সর্বশ্রেষ্ঠ দান। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘তুমি একটি দিনার আল্লাহর রাস্তায় খরচ করেছ, একটি দিনার দাস মুক্তির কাজে ব্যয় করেছ, একটি দিনার মিসকিনকে দান করেছ, আর একটি দিনার তোমার পরিবারের জন্য খরচ করেছ। এর মধ্যে যে দিনারটি তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছ তার সওয়াব সবচেয়ে বেশি।’ (মুসলিম : ২৩৫৮)

নাহিদ ইসলাম
সময়ের আলো/কেএইচও
২৩ নভেম্বর, ২০২৬

আরও - ইসলাম সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ